সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশের বিশেষ অভিযানে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য জানান। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা, দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সূচনা কলোনি থেকে মিলাদ হোসেন বাবলু ও তার সহযোগী জুয়েলকে আটক করে।শুক্রবার রাতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাহের বাজার এলাকা হতে তিনটি দেশীয় এলজি, চারটি কার্তুজ, একটি করে ছেনি ও চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করে।
গ্রেফতার মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫) রহমতপুর ইউনিয়ন শফি মেম্বারের পুত্র এবং তার সহকারী জুয়েল রানা (৩৬) একই এলাকার আবুল কাসেমের পুত্র। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া বাবলুর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের যোগদানের পর জেলার বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে সন্ত্রাস- অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা দেন। তার নির্দেশনার ভিত্তিতে সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছেনী বাবলুকে রহমতপুর সূচনা কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. জুয়েল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি দেশীয় এলজি, চারটি কার্তুজ, একটি করে ছেনি ও চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করে। এই ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
