নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ এয়ারফিল্ড—দুবাই, আবুধাবি ও শারজাহ—অদ্যাবধি বন্ধ থাকায় দেশের একটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
০২ মার্চ ২০২৬ (সোমবার) সকালের সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী দুইটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ও ১টি এরাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও এয়ার আরাবিয়া-এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, সালাম এয়ার-এর মাস্কাট থেকে আসা ফ্লাইট OV-401 অদ্য সকাল ৮:১৫ ঘটিকায় বিমানবন্দরে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে OV-402 ফ্লাইট হিসেবে সকাল ৯:৩০ ঘটিকায় মাস্কাটের উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে এ পর্যন্ত অত্র বিমানবন্দরের মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের ভ্রমণের পূর্বে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

