চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় মালেক মুন্সির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাম আবদুল হান্নান। তিনি কালাপানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশ্রাফ পাঠারায়ীর বাড়ির বাসিন্দা ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানাযায়, আবদুল হান্নান সকালে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে আসেন। ঘাট থেকে ভাড়ায় চলিত মোটরসাইকেলে চড়ে তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা করেন। কিছুদূর আসার পর মালেকমুন্সির বাজারে আসলে সেখানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে  বাইক চালক সামনে থেকে ছিটকে খানিকটা দূরে গিয়ে পড়েন। তবে ট্রাকের চাকা হান্নানের শরীরের ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের চালক কিছুটা আহত হলেও বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে যান।

ঘটনার বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর বলেন, ‘দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ফৌজদারি অপরাধের কোনো উপাদান পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য সন্দ্বীপে ফিটনেস এবং লাইসেন্স বিহীন এসব ট্রাকের সংখ্যা দিনদিন বাড়লেও অদৃশ্য কারণে প্রশাসন এই বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। প্রতিবছর ট্রাক দুর্ঘটনায় সন্দ্বীপে গড়ে প্রায় ১০ জন মারা যায়। এসব দুর্ঘটনা কমাতে যথাযথ কর্তৃপক্ষের কাছে বারবার দাবী তুলেছে সন্দ্বীপের সাধারণ মানুষ। তবে প্রশাসন এই বিষয়েও নিরব ভূমিকা পালন করছেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube