চট্টগ্রাম টুডে

কুমিল্লায় মন্দিরে ককটেল বিস্ফোরণঃ পুরোহিত সহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে দুর্বৃত্তদের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) এলাকার কালীগাছতলা শিব মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মন্দিরে শনিপূজা চলাকালে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরে উপস্থিত পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। পরে তাকে কুমিল্লা জেনারেল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরা এক ব্যক্তি একটি ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করেন। এ সময় তার পাশে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে তিনি ব্যাগটি রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এরপরই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজত আলীর ছেলে আবদুল বারেক এবং নজরুল ইসলামের ছেলে জিহাদকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অপর একজনের পরিচয় জানা যায়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল ত্যাগ করেছেন।

আহত পুরোহিত কেশব চক্রবর্তী বলেন, “বিস্ফোরণের পর একটি সাদা বস্তু আমার সামনে এসে পড়ে। প্রথমে ভেবেছিলাম গাছ থেকে কিছু পড়েছে। পরে ধোঁয়া দেখে বুঝতে পারি এটি বোমা।”

মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত নই। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ককটেল নিক্ষেপের পর পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পাশের বাগানবাড়ি মসজিদের সামনে মুসল্লিদের লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। এতে মসজিদের দুই মুসল্লিসহ তিনজন আহত হন। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube