চট্টগ্রাম টুডে ডেক্সঃ
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা শোষণ, দুর্ব্যবহার ও প্রতারণার শিকার হচ্ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, যেসব শ্রমিকের সঠিক নথিপত্র নেই, তারা গ্রেপ্তার বা আটক, অমানবিক আচরণ ও বিতাড়নের ঝুঁকিতে থাকেন। মালয়েশিয়ার কঠোর অভিবাসী আইনে যে কোনো অনুপ্রবেশকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। এ জন্য দেশটিতে নিয়মিত ধরপাকড় অভিযান চলছে। অভিবাসন আটককেন্দ্রে বর্তমানে প্রায় ১৮ হাজার অভিবাসী শ্রমিক, শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে রাখা হয়েছে।
প্রতিবেদনে তারা সতর্ক করেছেন, দেশটিতে বাংলাদেশি শ্রমিকরা পদ্ধতিগতভাবে এসব অন্যায্য আচরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি তারা ঋণের জালে আটকে যাওয়ার মতো ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছেন।
মালয়েশিয়ায় বিশাল সংখ্যক বাংলাদেশি রয়েছেন। তার মধ্যে পায় আট লাখের বেশি বাংলাদেশির কাজের অনুমোদন রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, অনেক শ্রমিককে নির্ধারিত সরকারি হারের চেয়ে পাঁচ গুণ বেশি ফি পরিশোধ করতে হয়েছে। এর পরও হয় তারা যেতে পারেননি, কিংবা মালয়েশিয়ায় গিয়ে চরম শোষণের মুখে পড়েছেন।
এর আগে মালয়েশিয়ার কয়েকটি কারখানার বিরুদ্ধে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জবরদস্তিমূলক শ্রম প্রয়োগের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ‘ফোর্সড লেবার রেগুলেশন’ প্রয়োগ নীতি রয়েছে, যা ২০২৭ সালে কার্যকর হবে। শ্রমিকদের ঋণের ফাঁদে জড়ানো ও প্রতারণার ঘটনায় এই বিধির আওতায় আনা হতে পারে।

