শুক্রবার (২৮ নভেম্বর) নগরের পুরাতন বটতলী রেলস্টেশন চত্বরে বাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তারা এমন দাবি করেন।
বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য স ম ইউনুচ, হেলাল উদ্দিন কবির, নুরুল হুদা নিপু, জোবায়ের বীনা, মহিন উদ্দিন, ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সদস্যসচিব মনির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য আহমদ জসীম।
শ্রমিকের চাকরি, মজুরি, কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বেকারত্ব দূর, প্রবাসীদের যন্ত্রণা লাঘব, ছাত্রদের শিক্ষার খরচ কমানো, ওষুধের দাম ও চিকিৎসা ব্যয় কমানো, নারী লাঞ্ছনা, অপমান ও নির্যাতন, ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্র কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। অতীতের স্বৈরাচারী শাসনের সঙ্গে পাল্লা দিয়ে লুটপাট, দুর্নীতি, দুঃশাসন ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য থেকে মুক্তি, বিশেষ করে দুঃশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে মুক্তি; আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের জীবন জীবিকার নিশ্চয়তা,হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। কিন্তু পুঁজিবাদী পথে বুর্জোয়া শাসন-শোষণে, সাম্প্রদায়িকতাকে ব্যবহারের মাধ্যমে গত ৫৪ বছর ধরে শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে চলেছে। ’২৪ এর অভ্যুত্থানের পরও বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই দেশ পরিচালিত হচ্ছে। একদিকে চলছে দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অন্যদিকে চট্টগ্রাম বন্দরসহ তিনটি বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে, অস্ত্র কারখানা, স্টার লিংককে আকাশ সেটেলাইট দেয়া ইত্যাদির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে ফেলে দিচ্ছে। এরইমধ্যে গোপন চুক্তির মাধ্যমে লালদিয়া চর ৪৮ বছর ও পানগাঁও টার্মিনাল ২২ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নেতৃবৃন্দ গণতন্ত্র, ভোটাধিকার বিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

