চট্টগ্রাম টুডে

নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্য যাচাই বিষয়ে প্রশিক্ষণ

মনীষা আচার্য, চট্টগ্রাম 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সাংবাদিকতার নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এই প্রশিক্ষণ আয়োজন করে। নগরীর হোটেল টাওয়ার ইন–এ আয়োজিত আবাসিক প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের মোট ৯৮ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ১৬ থেকে ১৮ জানুয়ারি এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ চলে ১৭ থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল নির্বাচন প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড, বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব, তথ্য যাচাই কৌশল, নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিংয়ের আইনগত দিক এবং নারী সাংবাদিকদের শারীরিক, ডিজিটাল ও মানসিক নিরাপত্তা।
বিভিন্ন অধিবেশনে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞরা। মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউনেস্কোর মেহদি বেঞ্চেলাহ। ডিজিটাল মিডিয়া, বিভ্রান্তিকর তথ্য ও এআই বিষয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেনদ্রিফ। সাংবাদিকদের শারীরিক ও অনলাইন নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোয়ার।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক রিপোর্টিং বিষয়ে আলোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিনভী এবং বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। নির্বাচনকালে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংবেদনশীল রিপোর্টিং বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপির জেন্ডার বিশেষজ্ঞ তাসলিমা আকতার।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের নির্বাচনকালীন রিপোর্টিংয়ে আরও সচেতন, দায়িত্বশীল ও নিরাপদভাবে কাজ করতে সহায়ক হবে। বিশেষ করে তথ্য যাচাই ও অনলাইন ঝুঁকি মোকাবেলায় তারা বাস্তবভিত্তিক ধারণা পেয়েছেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube