সন্দ্বীপ প্রতিনিধিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় এনাম নাহার বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও সন্দ্বীপ আসন হতে মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলাউদ্দীন সিকদার তার বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য আল্লাহর এক বিরাট নিয়ামত। এই স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। আজ বিজয় দিবসে আমাদের শপথ নিতে হবে—দেশকে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত করে সত্যিকার অর্থে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্য বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, “মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ধৈর্য ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা বিজয়ের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারি।”
তিনি সকলকে মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান প্রমুখ৷
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী। এসময় জামায়াতের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

