নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ট্রাক চাপায় সড়ক এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মো.শাহীন (৩০)। সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার তালতলী বাজারের দক্ষিণে রহমতপুর ইউনিয়নের হাজী পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহব্বত খাঁ এলাকার লন্ডনী চৌধুরীর বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীপুর এলাকার সড়কে সাইকেল চালানোর সময় একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে শাহীন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নিহত শাহীনের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সন্দ্বীপে লাইসেন্স ও ফিটনেস বিহীন এসব ট্রাক দুর্ঘটনায় বছরে গড়ে ১০ থেকে ১২ জন লোক প্রাণ হারাচ্ছে। কিন্তু অদৃশ্য কারণে এই বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছেন।

