চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

চট্টগ্রাম টুডে ডেক্স:

সন্দ্বীপের গুপ্তছড়া থেকে চট্টগ্রামের বাঁশবাড়িয়া রুটে ফেরী চলাচলের পথে জাল বসানো বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত ৩৪ জেলে পরিবারকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ নভেম্বর (রবিবার) সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সহায়তা প্রদান করা হয়। এতে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলে পরিবারকে নগদ ২৫ হাজার টাকা এবং ৪০ কেজি চাল করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ১.৩৬ টন চাল প্রদান করা হয়।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এ সময় সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৪ মার্চ সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া নৌরুটে সন্দ্বীপ টু চট্টগ্রাম প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়। ফেরির চলাচল পথ নিরাপদ করতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চ্যানেলের ফেরী চলাচল পথে সাময়িকভাবে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে এবং স্থায়ী জাল অপসারণ করা হয়। এতে ভুক্তভোগী জেলেরা জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এরপর বিভিন্ন ভাবে কয়েক দফায় তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়।

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে জেলেদের মাছ ধরার পদ্ধতি আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি ছেলেমেয়েদের শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করে পরিবারের জীবনমান উন্নয়নে সবাইকে উদ্যোগী হতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত ২৪ নভেম্বর সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্যার জেলেদের বিষয়ে আমাকে ফোন করে জানান। পরে সন্দ্বীপের ইউএনওর মাধ্যমে চ্যানেলের জাল অপসারণের ফলে ৩৪ জন জেলে মানবেতর জীবনযাপনের কথা জানতে পারি। তাই আইনের মধ্য থেকে সর্বোচ্চ সহযোগিতা করে প্রত্যেক জেলে ভাইকে ২৫ হাজার টাকা ও ৪০ কেজি চাল বরাদ্দ দিয়েছি। ২৫ তারিখেই জিও অর্ডার জারি করা হয়।

সরকারের এই সহায়তা পেয়ে আপাতত স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী জেলে। পাশাপাশি তারা বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube