চট্টগ্রাম টুডে ডেক্স:
খুলনায় মামলায় হাজিরা দিতে গিয়ে মহানগর দায়রা জজ আদালতের গেইটের বাইরে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন- নগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার। ৩০ নভেম্বর (রবিবার) দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটে।
নিহত রাব্বি রাজন ও হাসিব হাওলাদার মোটরসাইকেল করে রবিবার মামলার হাজিরা দিতে আদালতে এসেছিলেন। তারা আদালতের ফটকের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় আহত গুরুতর আহত অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা দুইজন আড়াই মাস আগে জামিনে জেল থেকে বেরিয়ে এসেছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমেকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মরদেহ সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষে মামলা হবে।
কারা জড়িত থাকতে পারে – এমন প্রশ্নে ওসি শফিকুল ইসলাম বলেন, “সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি আমরা। আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি।
তিনি আরো জানান, “নিহত দুইজনের দুজনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ছয়টি করে মামলা আছে।

