চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

সন্দ্বীপে মাটির চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মিলন (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের তালতলি বাজার এলাকার ব্যবসায়ী মো. রিয়াদের সহধর্মিণী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে বাসার গ্যাস শেষ হয়ে গেলে তরকারি গরম করার জন্য মাটির তৈরি চুলা জ্বালান মিলন। এ সময় অসাবধানতাবশত তার পরনের শাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মিলনের তিনটি ছোট সন্তান রয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৪ বছর, একজনের বয়স ৮ বছর এবং সর্বশেষ সন্তানের বয়স মাত্র ১ বছর। মায়ের অকাল মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। স্ত্রীর মৃত্যুতে বাকরুদ্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন স্বামী মো. রিয়াদ।
এদিকে, মিলনের গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের চোখে মুখে এখন শুধুই হাহাকার—একটি দুর্ঘটনা কেড়ে নিল একটি সংসারের প্রাণভোমরা।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube