সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা। উপজেলার ৮৩ টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল চিত্রে দেখাযায়, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে দুই তৃতীয়াংশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আলাউদ্দিন শিকদার। তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ এর চট্টগ্রাম উত্তর জেলার আমির। অন্যদিকে মোস্তফা কামাল পাশা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন। তিনি এনিয়ে চারবারের সংসদ সদস্য হতে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনের মোট ৮৩ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে কেন্দ্রগুলোর বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায় মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭২ হাজার ৫১৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন শিকদার পেয়েছেন ৩৬ হাজার ৮৭২ ভোট। প্রাপ্ত ফলাফলে মোস্তফা কামাল পাশা ৩৫ হাজার ৬৪৭ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

