Skip to main content

চট্টগ্রাম টুডে

সন্দ্বীপে মাদক নির্মূলে প্রয়োজনে ‘ডগ স্কোয়াড’ দিয়ে অভিযান করা হবে – এমপি মোস্তফা কামাল পাশা 

সন্দ্বীপ প্রতিনিধি

“সন্দ্বীপে মাদক নির্মূল আমার নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। প্রয়োজনে মাদক নির্মূলে ‘ডক স্কোয়ার্ড’ দিয়ে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে। সন্দ্বীপ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  সন্দ্বীপ হতে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এমপি কথাগুলো বলেন। তিনি আরো বলেন,  ঘাটে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে, ফেরি ও সি-ট্রাক চলাচল সচল রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্দ্বীপ বে ভিউ গার্ডেন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি মোহাম্মদ ওমর ফয়সাল এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার এবং সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত নেতা মুহাম্মদ আলাউদ্দিন শিকদার বলেন, নির্বাচনের পর ঘাটে স্পিডবোট ভাড়া বাড়ানোর চেষ্টা চলছে। একটি ঘাটে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার ঘোষণা এসেছে, যা অযৌক্তিক।
তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে ভাড়া সহনীয় পর্যায়ে নির্ধারণ করা হয়েছে। প্রায় সাড়ে চার লাখ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত বহাল রাখতে সাংসদের হস্তক্ষেপ কামনা করেন।

সভাপতির বক্তব্যে সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, সন্দ্বীপ প্রেসক্লাব বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গণে সন্দ্বীপের প্রতিনিধিত্ব করে। সন্দ্বীপ প্রেসক্লাব কয়েক যুগ ধরে সন্দ্বীপের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা জাতির কাছে তুলে ধরে যাচ্ছে। এসময় তিনি নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল এবং জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা আমীর সিরাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংবাদিক ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিষয়:

বিশেষ প্রতিবেদন

সর্বশেষ

Find Us on Youtube