- চট্টগ্রাম টুডে ডেস্ক:
ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) নিলামে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান সরকার। আগামী ২৩ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের রাষ্ট্রীয় পত্রিকা দ্যা ডন এর প্রতিবেদন অনুযায়ী, লোকসান কমাতে ও অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএ’র ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটি ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবে নেওয়া এই উদ্যোগকে গত প্রায় ২০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারিকরণ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে নিলামে অংশগ্রহণের জন্য চারটি বেসরকারি কোম্পানিকে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। সেগুলো হলো- লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব করপোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও এয়ার ব্লু লিমিটেড।
এর আগেও পিআইএ বিক্রির চেষ্টা করেছিল পাকিস্তান সরকার। তবে রিয়েল এস্টেট কোম্পানি ব্লু ওয়ার্ল্ড সিটির দেওয়া ৩৬ মিলিয়ন ডলারের বিড ৩০৫ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটির ঋণ, কর্মীসংখ্যা ও সীমিত নিয়ন্ত্রণ ক্ষমতা, এসব বিষয়ও তখন উদ্বেগ তৈরি করেছিল।
চলতি বছর জানুয়ারিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ইউরোপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছিল। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের এয়ারলাইনসটির ওপর চার বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে ও আধুনিক মানে রূপান্তর করতে প্রক্রিয়াটি বাধা ছাড়ায় এগিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে খুব শিগগিরই পিআইএ তাদের ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের ঐতিহ্য ফিরে পাবে।

